মুন্সীগঞ্জের নৈদিঘীরপাথর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আল হাবিব ওরফে রুস্তম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ২টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নৈদিঘীরপাথর এলাকায় জনৈক আওলাদ হোসেনের চায়ের দোকানের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে আল হাবিব ওরফে রুস্তমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল হাবিব ওরফে রুস্তম নৈদিঘীরপাথর এলাকার মৃত সোহরাব মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।