মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) যশলং ইউনিয়নের পুরাবাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুর রউফ, এএসআই (নিঃ) মো. সিরাজুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতাররা হলেন— মো. সুজন মৃধা ওরফে জয় (৩০), পিতা: আব্দুল মালেক, গ্রাম: ছোট মাকহাটি এবং মো. হাবিব তাঁতী (২০), পিতা: মো. সেলিম তাঁতী, গ্রাম: আনন্দপুর। তারা উভয়েই মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।