মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাকিবুল হাসান (২৭) নামে এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি লস্করদী মধ্যপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে গজারিয়া থানার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখানে মো. মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মতিন কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. মতিনের বিরুদ্ধে এর আগে আরও তিনটি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।