1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 19, 2026, 12:35 am

মুন্সীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, August 10, 2026,
  • 33 Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা সভা, কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক কাজী কামাল, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুন্সী সিরাজুল হক, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শনে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নজরুলের বিদ্রোহ ছিল অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিক পরিচয়কে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন দৃঢ় করার আহ্বান ছিল তাঁর সাহিত্য ও দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা নজরুলের কবিতা ও সাহিত্যকর্ম পাঠ করেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুলের কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপিত হচ্ছে। নজরুল বর্ষের মূল চেতনা ধারণ করে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025