মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল এলাকায় জনৈক জলিল শেখের বাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টঙ্গীবাড়ী থানার কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন বেপারীর ছেলে মো. ওয়াসিম বেপারী (৩৩) এবং বরিশালের আগৈলঝাড়া থানার ছোট বাসাইল এলাকার রমনী ঘোরামীর ছেলে উজ্জল ঘোরামী (২৫)। উজ্জল ঘোরামী বর্তমানে টঙ্গীবাড়ীর কুন্ডের বাজার এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।