মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের অনুমতি দিয়ে আর্থিক লেনদেনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মামুদপুর-লতব্দী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. হায়দার মোল্লা। তিনি মৃত আক্কাস আলীর ছেলে এবং লতব্দী ইউনিয়নের রামানন্দ এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের জন্য জমির শ্রেণি পরিবর্তনে অনুমতি প্রদান করে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।