মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুচর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে মো. শাকিল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জনস্বার্থে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানার এসআই আল-আমীনসহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।