মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শ্রীনগর থানাধীন দামলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), রফিকুল ইসলাম (৩৫) ও ফিরোজ (৪৫)। তাদের সকলের বাড়ি শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিটন মিয়ার অভিযোগ অনুযায়ী, গত ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে জাকিয়া কামাল মুনের বাড়ি থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নেমে শ্রীনগর থানার এসআই রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযানে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি আইপিএস ব্যাটারি, একটি আইপিএস মেশিন, দুটি বৈদ্যুতিক ফ্যান এবং একটি প্রজেক্টর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।