মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় একটি ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় বৈদ্যুতিক মিটারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
খবর পেয়ে দ্রুত মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। আনোয়ার হোসেন বেপারীর মালিকানাধীন ৬ তলা ভবনের নিচতলার বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুনের কারণে পুরো ভবনজুড়ে ঘন ধোঁয়ার সৃষ্টি হলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনের সকল বাসিন্দাকে নিরাপদে বাইরে সরিয়ে আনেন।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ভবনের মোট ১২টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক সংযোগ ও মিটার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ অথবা নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করুন।”