মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে বন্দিরা নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। একই সঙ্গে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন এ সেবার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি জানান, বর্তমানে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এ ব্যবস্থা চালু করা হবে।
আইজি প্রিজনস বলেন, কারাগারকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে লেনদেন আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বন্দিদের মানসিক সুস্থতা ও পরিবারের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দিদের পারিবারিক বন্ধন বজায় রাখা এবং তাদের মানসিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা, ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।