জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে “নজরুল বর্ষ–২০২৬” উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় নজরুল বর্ষ–২০২৬।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক কাজী কামাল হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা কালচারাল অফিসার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নজরুলের সৃষ্টিকর্মকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। লোকসংগীত, নজরুলসংগীত, বাউল গান, আবৃত্তি, নৃত্য ও দলীয় পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা শিল্পসম্মতভাবে উপস্থাপন করা হয়।
পরে বিতর্ক, রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নজরুলসংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী “নজরুল বর্ষ–২০২৬” উদযাপিত হচ্ছে। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।