স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য তার মুক্তির আবেদন মঞ্জুর করা হয়।
দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, তারা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। তবে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য দীপু মনি প্যারোলে মুক্ত থাকবেন।
মুক্তির পর তিনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার স্বামী মরহুম ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হবে। আইনজীবী জানান, যে বাড়িতে মরহুম তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হবে, সেখানেই একসময় দীপু মনির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল।
পরে মরহুম তৌফিক নেওয়াজের মরদেহ বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে ভেতরে প্রবেশ করেন।