দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি।
বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা সফরকালে তিনি মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং টিটিসির অধ্যক্ষ নাহিদা পারভীন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম ও বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। মেশিন শপ প্র্যাকটিসসহ বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় ইকুইপমেন্ট থাকলেও ইন্সট্রাক্টরের সংকট রয়েছে বলে তাকে অবহিত করা হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি ভাষা শিক্ষা কোর্সসহ সময়োপযোগী নতুন নতুন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন।
সফরের শেষ পর্যায়ে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (PDO) কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী।
সংশ্লিষ্টরা মনে করছেন, মুন্সীগঞ্জ টিটিসিতে প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরির সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রতিমন্ত্রীর এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।