মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর রোড ও মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জিলাপিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর রোড এলাকার আদি মধুবন মিষ্টিমুখ দোকানে মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি করা হচ্ছে। এছাড়া জিলাপিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার এবং জিলাপি উন্মুক্তভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমির ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে বিভিন্ন ডাবের দোকানে অভিযান চালিয়ে বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ডাব বিক্রেতা আজিজুল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।