মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং সুবিধাভোগীদের কল্যাণ নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজু ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আটজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকারের লক্ষ্য সমাজের প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে নারী, শিশু, প্রবীণ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া। প্রকৃত উপকারভোগীদের হাতে সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং দেশের সম্পদ। তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে তিনি মাদকমুক্ত পরিবার ও মানবিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।