মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার থানা রোড মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে সিরাজদিখান বাজারের একটি লন্ড্রি দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শরিফ দেওয়ান (৩৫), টংগীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা এবং মো. জাকির শেখ (৫২), টংগীবাড়ী উপজেলার আউটশাহী এলাকার বাসিন্দা।
পরে তাদের কাছ থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।