স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পঞ্চাশ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলন-সংগ্রাম করে আসছে।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালীদাস নদীর ওপর নির্মিত কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন।”
তিনি আরও বলেন, “জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে তিনি জানান।
এর আগে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাস হয়েছে। এই সময়ে সরকার বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা প্রদানের উদ্যোগ উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে বলে জানান।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি ঘোষণা দেন, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর অবস্থিত উত্তর ইসলামপুর–মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এবং দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।