মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবার। দ্রুত রাস্তা উন্মুক্ত করে নির্মাণকাজ শেষ করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। কর্মসূচিতে অংশ নেন প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ এবং মা লোপা কায়সার।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর-পুরান বাউশিয়া সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আব্দুল্লাহপুর গ্রাম থেকে শুরু হয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামের দুটি পরিবারের আপত্তির কারণে প্রায় ৭০০ ফুট রাস্তার মধ্যে ৬০০ ফুটের নির্মাণকাজ শেষ হলেও অবশিষ্ট প্রায় ১০০ ফুটের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ফলে শতাধিক পরিবারের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে কায়সার হামিদ বলেন, “এটি আমার শ্বশুরবাড়ির এলাকা। আমার শাশুড়ি এখানে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে আমরা বাড়ি হিসেবে ব্যবহার করছি। রাস্তার সমস্যার কারণে আমরা ঠিকমতো বাড়িতে প্রবেশ করতে পারি না। শুধু আমাদের পরিবার নয়, মাত্র দুটি পরিবারের আপত্তিতে কয়েকশ পরিবার আজ ভোগান্তির শিকার। একজন মানুষ মারা গেলে খাটিয়া বের করা যায় না, আবার কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হয় না। তাই বাধ্য হয়েই আমরা আজ আন্দোলনে নেমেছি।”