বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা-এর শিমুলিয়া ঘাট সফরকে কেন্দ্র করে শুক্রবার মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত আর্জেন্টিনা সমর্থক। পুরো এলাকা পরিণত হয় ফুটবল উৎসবের মিলনমেলায়।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে উপস্থিত হন। তাঁর ব্যতিক্রমী সাজ উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে এবং আয়োজনের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এক প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। রাষ্ট্রদূতের মাঠে নেমে খেলায় অংশগ্রহণ সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
ফুটবল খেলা শেষে তিনি ইঞ্জিনচালিত নৌকায় করে পদ্মা সেতু পরিদর্শন করেন। এ সময় নদীপথে রাষ্ট্রদূতকে ঘিরেও উৎসবের আবহ লক্ষ্য করা যায়।
রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তুলতে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকেই আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হয়ে প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটান। আয়োজনটি বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন, মোশারফ হোসেন পুস্তি, অপু চাকলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।