মুন্সীগঞ্জের আলোচিত নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব হত্যা মামলার আসামিদের জামিন বাতিল, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবিতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহত জসিম নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। কয়েকজন আসামি বিদেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ জামিনে মুক্ত রয়েছেন। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, জামিনে থাকা আসামিদের জামিন বাতিল এবং মামলার দ্রুত বিচার শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের বাবা ও মামলার বাদী মো. মাফিক নায়েব বলেন, প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময় পার হলেও এখনো অনেক আসামি গ্রেপ্তারের বাইরে রয়েছে। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করেন এবং জামিনে মুক্ত কোনো আসামি যেন সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন জসিম নায়েব। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মাফিক নায়েব বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা নং-২৪ মূলে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধন শেষে মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।