মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন কাজীরপাগলা এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাজীরপাগলা এলাকার অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালায়। এ সময় রাজেদা বেগমকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজেদা বেগম পদ্মাসেতু উত্তর থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ঘোষাল মিয়া এবং স্বামীর নাম মিঠুন।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।