মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হোসেন (২৭) হত্যার আলোচিত মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মত্তগ্রাম আটিপাড়া এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফিরোজ পাঠান সিরু (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি মত্তগ্রাম (পাঠান বাড়ি) এলাকার মৃত কুরবান পাঠানের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ জুন ভোরে শ্রীনগর উপজেলার মত্তগ্রাম আটিপাড়া মেম্বারবাড়ী জামে মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের কাপড়-চোপড় ও মোবাইল ফোন চুরির সন্দেহে শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ৬০ থেকে ৭০ জনের একটি দল তাকে মত্তগ্রাম পাঠানবাড়ী সুপার মার্কেট খালপাড় সংলগ্ন সড়কে নিয়ে দুই হাত, দুই পা ও গলায় রশি বেঁধে টানাহেঁচড়া এবং বেধড়ক মারধর করে।
পরে স্থানীয় লোকজন ও শ্রীনগর থানা পুলিশের সহায়তায় শাহাদাতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে মারধরের একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় ফিরোজ পাঠান সিরুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।