বন্দিদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং মুক্তিলাভের পর সমাজে মর্যাদার সঙ্গে পুনর্বাসনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মহিলা বন্দিদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং পুরুষ বন্দিদের জন্য বৈদ্যুতিক কাজ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শনকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এ দুটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বন্দিদের সার্বিক কল্যাণ, স্বাস্থ্যসেবা, আবাসন, খাদ্য ব্যবস্থাপনা ও চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়; এটি একজন মানুষকে সংশোধন, দক্ষতা অর্জন এবং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ করে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বন্দিদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে, যাতে মুক্তিলাভের পর তারা সমাজে সম্মানজনকভাবে পুনর্বাসিত হতে পারেন।
তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কারাগারকে একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বন্দিদের মানবিক মূল্যবোধের বিকাশ ও সমাজে পুনঃএকীভূত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।