মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদকে বিস্ফোরণ-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট আবু সাঈদ উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের মৃত মো. বোরহান উদ্দিন বেপারীর ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের ১২ এপ্রিল মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরণ-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, অ্যাডভোকেট আবু সাঈদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।