মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শুক্রবার (১০ জুলাই) বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তারা জাদুঘরে সংরক্ষিত বিক্রমপুরের হাজার বছরের ইতিহাস, প্রত্ননিদর্শন, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও ঐতিহাসিক সংগ্রহ ঘুরে দেখেন এবং জাদুঘরের সংরক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন।
পরিদর্শন শেষে প্রধান শিক্ষকরা বলেন, পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ইতিহাস শিক্ষার জন্য জাদুঘর পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে, যা তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ পরিদর্শনে আসা প্রধান শিক্ষকদের স্বাগত জানিয়ে বলেন, নতুন প্রজন্মের কাছে বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি লৌহজং উপজেলার প্রতিটি বিদ্যালয়সহ মুন্সীগঞ্জ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা সফরের অংশ হিসেবে বিক্রমপুর জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।
তিনি বলেন, জাদুঘর কেবল পুরোনো নিদর্শনের সংগ্রহশালা নয়; এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার জীবন্ত দলিল। এখানে সংরক্ষিত প্রত্নসম্পদ ও ঐতিহাসিক উপকরণ শিক্ষার্থীদের পাঠ্যবিষয়কে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে এবং গবেষণামনস্কতা গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আশা প্রকাশ করেন, বিদ্যালয়ভিত্তিক নিয়মিত শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে। একই সঙ্গে ইতিহাস সংরক্ষণ ও ঐতিহ্যচর্চায় শিক্ষক সমাজের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।