মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬৩ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতভর জেলার লৌহজং, পদ্মাসেতু উত্তর থানা ও মুন্সীগঞ্জ সদর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিমপাড়া এলাকায় স্টিল ব্রিজ-শ্রীনগর সড়কে অভিযান চালিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তেলিপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩০) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কীর্তন গ্রামের মো. আরিফ হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে রাত ১১টা ২৫ মিনিটে পদ্মাসেতু উত্তর থানার কাজির পাগলা মোড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিঠুর কান্দী (চেংগারচর) গ্রামের শরিফুল্লাহ সৈকত (২৭) ও মো. আসিক বেপারী (২৬)-কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার জগধাত্রিপাড়া এলাকার ইটের সিলিং গলির রাস্তা থেকে মো. শাহজাহান মিয়া (৬০)-কে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, তিনটি অভিযানে মোট ১৬৩ পিস ইয়াবা উদ্ধার এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।