ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি)-এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৮টা থেকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)। এছাড়া বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ঢাকা জেলা মো. মুনাদির ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদপুর আজমীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগ বোর্ড জানায়, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে প্রার্থীদের দালালচক্র বা কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৫ জুন সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগে উপস্থিত থাকতে বলা হয়েছে।