মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) মুন্সীগঞ্জ জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি বড় হুমকি এবং এটি যুবসমাজের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়ন, অবৈধ পাচার রোধ এবং তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।