মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোরচক্রের এক সক্রিয় সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য মামলার ২ জন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকা থেকে পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য মো. পারভেজ শেখ (২৯)কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত রুবেল (৪৪), জুয়েল (৪৭) ও আব্দুর রাজ্জাক (৩৮)কে আটক করা হয়। অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. রশিদ শেখকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আকাশ আহম্মেদ ওরফে সৌরভ (৩২) এবং ৫৪ ধারায় মো. বেলাল হাওলাদার (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।