মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার মত্তগ্রাম এলাকার শামছু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মত্তগ্রাম সড়কের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ভোর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা মরদেহ সড়কের ওপর ফেলে চলে যায়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় চুরি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।