আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলার মোট ১ লাখ ৯১ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৯৪১ জন শিশুকে নীল রঙের ১ লাখ আইইউ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬৬ হাজার ৬৯৫ জন শিশুকে লাল রঙের ২ লাখ আইইউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে জেলায় মোট ১ হাজার ৬৩৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী, ১ হাজার ৬০৬টি অস্থায়ী এবং ২৩টি ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে শিশু পুষ্টি নিশ্চিত করতে জন্মের পরপরই শালদুধ খাওয়ানো, প্রথম ছয় মাস শুধু বুকের দুধ প্রদান এবং পরবর্তীতে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, জেলার প্রতিটি যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় এনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রচারণা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিনি নির্ধারিত দিনে অভিভাবকদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের তথ্যভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন ভূঁইয়া। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।