১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে জুনিয়র ৭৬ কেজি কুমিতে ইভেন্টে স্বর্ণপদক জয়ী মুন্সীগঞ্জের কৃতি কারাতেকার সিফাত হোসেনকে ফুলেল সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
রোববার (২৩ আগস্ট) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী ও সংসদ সদস্য মো. কামরুজ্জামান সিফাত হোসেনের হাতে ফুল ও উপহার তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিনসহ সংশ্লিষ্টরা।
সিফাত হোসেনের এই অর্জনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।
একই সঙ্গে মুন্সীগঞ্জের এই প্রতিভাবান কারাতেকারের ক্রীড়া প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাউথ এশিয়ান পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে সিফাত হোসেন মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যুক্ত করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।