মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে ছোট-বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই রোববার সকালে হঠাৎ করে অভিযান শুরু করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পুনরায় সেখানে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সেগুলো উচ্ছেদে আবারও অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, লঞ্চঘাটের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না।