মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মসজিদের একাংশ ও একটি কাপড়ের দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটের দিকে উপজেলার পূর্ব কামারখোলা বাজারে অগ্নিকাণ্ডের খবর পায় শ্রীনগর ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করেন।
অগ্নিকাণ্ডে কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি মসজিদের একাংশ, ফ্যান ও মাইক সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি টিনের তৈরি একটি কাপড়ের দোকানও আগুনে পুড়ে যায়। দোকানে থাকা ফ্রিজ, সেলাই মেশিন, কাপড়, ফ্যান, খাটসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোতালেব শেখ।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।