মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত এই অডিটোরিয়ামের কার্যক্রম শুরু করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও উপযোগী অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন অডিটোরিয়াম চালুর ফলে এখন থেকে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সৃজনশীল অনুষ্ঠান আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য তৈরি হলো একটি নিজস্ব মঞ্চ।
অডিটোরিয়ামের যাত্রা উপলক্ষে আয়োজিত আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পৃথক পৃথক দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, জ্ঞান ও প্রতিভার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী তারেক খান, এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থী মো. মনির হোসেন শিকদার, এসএসসি ১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম, ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জিএম কামাল, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান শিকদার, অধ্যাপক মনোয়ার হাসিনুল আলম শহীদ এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল হালিম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সৃজনশীলতা, মেধা ও বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির ‘খ’ শাখা। দ্বিতীয় হয় নবম শ্রেণির ‘খ’ শাখা। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির ‘ক’ ও অষ্টম শ্রেণির ‘খ’ শাখা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান মাহমুদ।
ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ও ১৯৮৭ ব্যাচের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।
দীর্ঘদিনের প্রত্যাশিত অডিটোরিয়াম চালুর মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নতুন এই অডিটোরিয়াম ভবিষ্যতে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।