ভক্তদের উচ্ছ্বাস, ধর্মীয় আবহ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৬। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত-পুণ্যার্থী অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শোভাযাত্রায় ফুটে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমীর কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা। ফলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনের কর্মসূচি।
আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি উপলক্ষ। মুন্সীগঞ্জের এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।