মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন কোর্টগাঁও সাকিনস্থ সুমন নামের এক ব্যক্তির ভাড়া দেওয়া বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার জনতা বাজার এলাকার রহিম সরদারের ছেলে মো. ছাইদুল (২৪), বর্তমানে উত্তর কোটগাঁওয়ে সুমনের বাড়ির ভাড়াটিয়া এবং মুন্সীগঞ্জের খালইস্ট এলাকার মৃত ছানাউল্লাহর ছেলে আঃ ছাত্তার (৪৫)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।