মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আনারপুরা এলাকায় নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং খাবার ঢেকে না রাখার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্টে অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া ডাস্টবিন উন্মুক্তভাবে রাখা, কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব কারণে রেস্টুরেন্টটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।