মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই ইজিবাইকসহ মুন্না হোসেন রাজিব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় সাদমান মেডিকেল হলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুহাম্মদ আক্কাস আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি চোরাই ইজিবাইকসহ মুন্না হোসেন রাজিবকে আটক করা হয়।
গ্রেপ্তার মুন্না হোসেন রাজিব মাদারীপুরের শিবচর থানার পাচ্চর কাঁচাবাজারের পেছনের এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মালেক হোসেন রাজ্জাক এবং মাতার নাম মৃত খাদিজা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।