মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একটি হোটেল ও মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভাই ভাই হোটেল অ্যান্ড আল মুসলিম সুইটমিট প্রতিষ্ঠানে মনিটরিং করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, গ্রিল মুরগিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি।
একই সঙ্গে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক নূর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।