মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ২০ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে ওই নারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলের ক্ষেত্রে পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
হাইওয়ে পুলিশ ঘটনাটির আইনগত কার্যক্রম সম্পন্ন করছে