৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ সেরা সাঁতারু পদক অর্জনকারী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ফাতিহা মাহতাব মাইশাকে সংবর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মাইশার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন উপস্থিত ছিলেন।
জানা যায়, গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা মাহতাব মাইশা ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১০টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক অর্জন করেন। একই সঙ্গে তিনি ৪টি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতার সেরা সাঁতারু পদক লাভ করেন।
মাইশার এই অনন্য অর্জন মুন্সীগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন করেছে। তাঁর এ সাফল্যে জেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।