মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে অতিথিরা কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। স্থানীয়দের আশা, নতুন এই মাঠে নিয়মিত খেলাধুলার মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা আরও বৃদ্ধি পাবে।