মুন্সীগঞ্জ জেলার পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, নদীভাঙন ও বন্যা ঝুঁকি মোকাবিলা, জলাবদ্ধতা নিরসন এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিলসহ জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, নদ-নদীর পানির বর্তমান পরিস্থিতি, বন্যা ও নদীভাঙন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নদীভাঙনপ্রবণ এলাকা, বন্যা ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা রয়েছে এমন স্থানগুলো নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেন। একই সঙ্গে জনস্বার্থে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।