মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে (১৪) বলাৎকারের চেষ্টা এবং পরবর্তীতে ধারালো ছুরি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে টংগীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম হাফেজ মো. লোকমান হোসেন (২৬)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম এবং একই এলাকার একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগী কিশোর ওই মাদ্রাসারই ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্জন স্থানে নিয়ে ওই ছাত্রের ওপর বলাৎকারের চেষ্টা করা হয়। ছাত্রটি এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তার গলায় হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।