পদ্মা নদীর তাজা মাছ, আড়িয়াল বিলের দেশি মাছ আর দেশি হাঁসের বাহারি পদ—এসবের সমন্বয়ে শ্রীনগরের উমপাড়ায় যাত্রা শুরু করেছে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে গড়ে ওঠা নতুন এ রেস্তোরাঁটি ভোজনরসিকদের জন্য দেশীয় খাবারের নতুন গন্তব্য হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান শেখ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন এবং ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল-হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।
নতুন এ রেস্তোরাঁটির অন্যতম আকর্ষণ হলো—ক্রেতারা নিজের পছন্দের তাজা মাছ বা হাঁস দেখে নির্বাচন করতে পারবেন। এরপর সেটি পছন্দ অনুযায়ী রান্না করে পরিবেশন করা হবে। খাবারের তালিকায় রয়েছে দেশি হাঁস ভুনা, হাঁসের বিরিয়ানি, হাঁসের ঝিঙুড়িসহ নানা পদ।
রেস্তোরাঁটির একজন উদ্যোক্তা মো. কামরুল হাসান বলেন, “আমরা শুধু খাবার বিক্রি করতে চাই না; মানুষ যেন ভালো খাবারের সঙ্গে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে যান, সেটাই আমাদের লক্ষ্য। পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ এবং দেশি হাঁসের ঐতিহ্যবাহী স্বাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
শুধু খাবার নয়, পরিবার ও স্বজনদের নিয়ে সময় কাটানোর জন্য রয়েছে মনোরম পরিবেশ। জন্মদিন, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন ছোট-বড় আয়োজনের জন্য রাখা হয়েছে পার্টি সেন্টারের সুবিধা। কফিপ্রেমীদের জন্যও রয়েছে প্রিমিয়াম কফির ব্যবস্থা।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় ঢাকা ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্যও এটি যাত্রাবিরতির একটি সুবিধাজনক স্থান হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে পদ্মার তাজা মাছ, আড়িয়াল বিলের দেশি মাছ, দেশি হাঁসের ঐতিহ্যবাহী রান্না এবং রুচিসম্মত পরিবেশের সমন্বয়ে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ শ্রীনগরের উমপাড়ায় ভোজনরসিকদের নতুন গন্তব্য হিসেবে পরিচিতি পাওয়ার প্রত্যাশা করছে।