মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে নিজ বাড়ির উঠানে গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে বিক্রির অভিযোগে রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ছোট-বড় মিলিয়ে পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাম প্রসাদ বাড়ৈ ওই গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্তের বসতবাড়ির গোয়ালঘরের পাশে রোপণ করা পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এসব গাছ থেকে উৎপাদিত গাঁজা নিয়মিত বিক্রি করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।