শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
রোববার (১৪ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন শরীফ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধান, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং নতুন ধারণা নিয়ে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে জেলার ছয় উপজেলা থেকে নির্বাচিত ছয়টি গ্রুপ তাদের স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে মোট ৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।
সেরা প্রকল্প প্রদর্শনের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়–এর ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষকের দল। দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানান, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।