মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া বলে জানিয়েছে বিএনপি।
গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়ে। এতে মাহবুব উল আলম স্বপনসহ কয়েকজন নেতাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
তবে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন জানিয়েছেন, এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
তিনি ‘মুন্সীগঞ্জের সময়কে’ বলেন, মাহবুব উল আলম স্বপনকে বহিষ্কারের বিষয়ে বিএনপি থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ওই বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ শহর বিএনপির একাধিক নেতার নাম রয়েছে। স্থানীয়ভাবে তাদের অধিকাংশকেই জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা যায়।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে তার দলীয় অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন বলেন, বহিষ্কারের দাবি করে ছড়িয়ে দেওয়া নথিটি ভুয়া। বিএনপি থেকে তাকে বহিষ্কারের বিষয়ে তিনি কোনো দাপ্তরিক কাগজ পাননি।