নিরাপদ ও বৈধ অভিবাসন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, টিটিসি মুন্সীগঞ্জের অধ্যক্ষ নাহিদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিবাসন প্রত্যাশী যুব-যুবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা অর্জন আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ায় এবং বৈধ অভিবাসনের মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমিয়ে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে টিটিসি মুন্সীগঞ্জে পরিচালিত বিভিন্ন কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কোর্স এবং এনএসডিএ অনুমোদিত সনদ অর্জনের সুযোগ সম্পর্কে জানানো হয়। পাশাপাশি সরকারি প্রশিক্ষণ গ্রহণ করে বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।